চাপাইনবাবগঞ্জ

তেলের মজুত রেখে ‘তেল নেই’ ব্যানার, গোমস্তাপুরে পাম্পকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ মার্চ – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুত থাকার পরও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।

জানা যায়, ওই ফিলিং স্টেশনে পাম্পে তেল নেই লেখা ব্যানার ঝুলিয়ে গ্রাহকদের কাছে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে তারা সেখানে উপস্থিত হয়ে তেলের মজুত যাচাই করেন। এ সময় পাম্পটিতে দুই হাজার ৩৬৮ লিটার পেট্রোল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়।

বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকার পরও কৃত্রিম সংকট তৈরি ও বিক্রি বন্ধ রাখার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনাকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language