আবারও ক্ষেপেছেন শ্রীলেখা মিত্র

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি – ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে `বজরং দল` এর নামে একটি পোস্টার শেয়ার করে ফেসবুকে ক্ষোভ ঝেড়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
`বজরং দল`নামের সেই পোস্টারে‘সতর্কীকরণ’ হিসেবে লেখা রয়েছে, ‘ভ্যালেন্টাইনস ডে’র উৎসব ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওই দিন খোলা জায়গায় কোনো যুগল যেন দৃষ্টিতে না আসে। দৃষ্টিকটূ অবস্থায় না দেখা যায়। এরকম ঘটনায় তাদের বাবা-মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে।’
আরও পড়ুন : শাহরুখের ডার্লিং এখন আলিয়া
এরপর আগামী নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার কথা লিখে ‘লাভ জিহাদ’ ও ‘ব্যভিচারের` বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা লেখা হয়। সতর্কবার্তার বিভিন্ন জায়গায় ‘জয় শ্রী রাম’ লেখা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘আমি কী লিখব বুঝতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি, এদের মানুষের হাতে ছেড়ে দেয়া উচিত। একবারও লজ্জা লাগে না এই ধরনের কাজ করতে? এখনো ক্ষমতাতে আসনি তাতেই এই? এখনো রাজ্যবাসীর চোখ খুলবে না? জেগে উঠুন, এখন নয়তো কখন? ‘সতীদাহ’র নামে বিধবা তরুণীদের জ্বালিয়ে দিলেও অবাক হব না।’
সূত্র : বাংলা ইনসাইডার
এন এ/ ১৬ ফেব্রুয়ারি









