দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রংপুর, ২৬ মার্চ – দেশের সাতটি অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং পরদিন সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









