জাতীয়

দেশের ৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ঢাকা, ২৬ মার্চ – দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় দেশের সাতটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্বাভাস বলবৎ থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় এসব নদীবন্দর এলাকাগুলো সাময়িকভাবে ঝড়ের কবলে পড়তে পারে। তাই নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language