জাতীয়

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে সিঙ্গাপুরের আগ্রহ প্রকাশ

ঢাকা, ২৫ মার্চ – বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে গভীর আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স মিচেল লি।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মিচেল লি জানান চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে দক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে তিনি কর্মসংস্থান ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সিঙ্গাপুরের পক্ষ থেকে বাংলাদেশ সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয় এবং বে টার্মিনাল প্রকল্পে অব্যাহত সহযোগিতার অনুরোধ জানানো হয়।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামো খাতে সিঙ্গাপুরকে আরও বিনিয়োগের আহ্বান জানান।

ডিজিটাল সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে সিঙ্গাপুরও আগ্রহ দেখিয়েছে। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ থেকে পাট সিরামিক চামড়াজাত পণ্য আম ও সামুদ্রিক খাবারের মতো কৃষিপণ্য রপ্তানির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির সম্ভাবনা খতিয়ে দেখছে।

উভয় পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। চলতি বছর ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা আয়োজনের বিষয়েও তারা একমত হয়েছেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language