সিদ্ধিরগঞ্জে ১৮ লাখ টাকা ও বিপুল মাদকসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ, ২৫ মার্চ – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং মাদকদ্রব্যসহ ছাইদুর ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, ১৫০ গ্রাম হেরোইন এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ২৬ বছর বয়সী ছাইদুর কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ওই অভিযানের একপর্যায়ে ছাইদুরকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উল্লেখিত নগদ অর্থ ও মাদক উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদকের বিস্তার রোধে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক কারবার নির্মূল করা হবে এবং এর সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ এম/ ২৫ মার্চ ২০২৬









