অন্তর্বর্তীকালীন সরকারের ৪০টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির আলোচনা

ঢাকা, ২৪ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই কমিটির প্রথম বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সুরক্ষা ও দায় নির্ধারণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ কমিটির এই বৈঠকে প্রশাসনিক ও জনগুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫, পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫। এছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪ ও সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, কমিটি আলোচ্য অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে একটি বিস্তারিত রিপোর্ট আকারে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করবে। এছাড়া অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।এছাড়াও ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









