৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা, ২৩ মার্চ – পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার এই ছুটি শেষ হচ্ছে।
তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হওয়ায় আগামী ২৯ মার্চ রবিবার থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
সংশোধিত তালিকা অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজান ও ঈদের ছুটি। এই ছুটি আগামী ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণ দেখিয়ে গত ৮ মার্চ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে ৯ মার্চ থেকেই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ এই ছুটি শেষে আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু হচ্ছে।
এর আগে গত ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাদের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এ এম/ ২৩ মার্চ ২০২৬









