দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইল, ২৩ মার্চ – দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই বলে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি অভিযোগ করেন, কতিপয় অসাধু ব্যবসায়ী পেট্রোল, অকটেন, ডিজেল এবং ভোজ্যতেলের দাম বৃদ্ধি করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার এ ধরনের অসাধু চক্রকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। তাই যানবাহন চালক বা মালিকদের জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। এছাড়া শহিদ ওসমান হাদির প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার এই বিষয়ে অত্যন্ত আন্তরিক ও কঠোর অবস্থানে রয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকেই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে আসছে। দেশের প্রতিটি হত্যাকাণ্ডের যেন সঠিক ও ন্যায়বিচার নিশ্চিত হয়, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এনএন/ ২৩ মার্চ ২০২৬









