বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি ইরানের

তেহরান, ২২ মার্চ – ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, শুধুমাত্র জ্বালানি নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে তেহরান।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। এটি অবিলম্বে সম্পূর্ণ ও বাধামুক্তভাবে খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্পের এই আল্টিমেটামের জবাবেই পাল্টা ধ্বংসাত্মক হামলার এই কড়া হুমকি দিল ইরানের সামরিক বাহিনী।
এস এম/ ২২ মার্চ ২০২৬









