বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

ঢাকা, ২১ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের জামাতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। ঈদের দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে প্রথম জামাত শেষ হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মৃত আত্মীয়স্বজনদের জান্নাত কামনার পাশাপাশি অনেকেই চোখের জলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন। প্রথম জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতের জন্য মসজিদে প্রবেশ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এছাড়া সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।
বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম উপস্থিত রয়েছেন।
এনএন/ ২১ মার্চ ২০২৬









