জাতীয়

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিখোঁজ মিরাজ ফকিরের মরদেহ ৪৯ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা, ২০ মার্চ – রাজধানীর সদরঘাটে দুটি লঞ্চের সংঘর্ষের জেরে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়ার প্রায় ৪৯ ঘণ্টা পর মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কেরানীগঞ্জের লবণের মিল সংলগ্ন বুড়িগঙ্গার অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনেরা মিরাজ ফকিরের পরিচয় নিশ্চিত করেন। বর্তমানে তার মৃতদেহ মিডফোর্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এর আগে মিরাজ ফকিরের ছেলে সোহেল ফকির নিহত হন এবং সোহেলের স্ত্রী রুবা ফকির গুরুতর আহত হয়ে বর্তমানে মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় মিরাজ ফকিরের বড় ভাই সিরাজ ফকির বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই দুটি লঞ্চের কর্মী ও পরিচালনার দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরঘাটে ঢাকা থেকে ইলিশাগামী ‘আসা যাওয়া ৫’ নামের লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট ৩’ নামের আরেকটি লঞ্চ সেটিকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া লঞ্চটির সামনের অংশের আঘাতে অপেক্ষমাণ লঞ্চে থাকা যাত্রীরা পিষ্ট হন এবং অনেকে নদীতে পড়ে যান।

বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে পাশাপাশি থাকা দুটি লঞ্চের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language