প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

মুম্বাই, ১৯ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন। বার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছেন।
নরেন্দ্র মোদি বলেন, গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন। তিনি আরও জানান, ঈদুল ফিতর উদযাপন মানুষের মাঝে সমবেদনা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের চিরন্তন মূল্যবোধকে জাগ্রত করে। বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।
এস এম/ ১৯ মার্চ ২০২৬









