ইউরোপ

ফ্রান্স ও সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার

প্যারিস, ১৯ মার্চ – ইউরোপের দেশ ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার ২০ মার্চ দেশটিতে পবিত্র এই উৎসব পালিত হবে। বুধবার ১৮ মার্চ প্যারিসের গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সভায় ফ্রান্সের প্রধান মুসলিম সংগঠনগুলো যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় জানানো হয় যে ধর্মীয় পর্যবেক্ষণ এবং চাঁদ দেখার সম্ভাবনা পর্যালোচনা করে হিজরি ১৪৪৭ সনের ঈদুল ফিতর শুক্রবার উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুসলিম ফেডারেশন ও জাতীয় ইমাম পরিষদসহ অন্যান্য সংগঠনগুলো এই আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে।

একই সঙ্গে তারা মুসলিম সম্প্রদায়কে উৎসব পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে সৌদি আরবেও বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতেও আগামী শুক্রবার ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হলেও তা দৃশ্যমান হয়নি। এর ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হতে যাচ্ছে। সেই হিসেবে বৃহস্পতিবার ১৯ মার্চ হবে রমজান মাসের শেষ দিন এবং পরদিন শুক্রবার ঈদ পালিত হবে। ইসলামি বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language