উত্তর আমেরিকা

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রণোদনা কর্মসূচি

ওয়াশিংটন, ১৮ মার্চ – অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে উৎসাহিত করতে নতুন একটি প্রণোদনামূলক কর্মসূচি গ্রহণ করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন।

বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেয়।

এই উদ্যোগের আওতায় ভারত, চীন ও কলম্বিয়ার যেসব অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবেন, তারা দুই হাজার ছয়শ ডলার পর্যন্ত আর্থিক প্রণোদনা পাবেন। আর্থিক সহায়তার পাশাপাশি দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিটও প্রদান করবে ট্রাম্প প্রশাসন। এই কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাদের এক্স হ্যান্ডেলে তিনটি পৃথক ছবি প্রকাশ করেছে।

ভারত, চীন ও কলম্বিয়াকে কেন্দ্র করে তৈরি করা এসব প্রচারপত্রে দেশগুলোর ঐতিহাসিক স্থাপনার ছবি ব্যবহার করে অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিট এবং দুই হাজার ছয়শ ডলারের প্রণোদনা গ্রহণ করতে পারবেন।

স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রধানত চার ধরনের সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, যেসব অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তারা যুক্তরাষ্ট্র ছাড়তে চাইলে তাদের আটক করা হবে না এবং আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা হবে।

দ্বিতীয়ত, দেশে না ফেরার কারণে যাদের ওপর জরিমানা আরোপ করা হয়েছিল, তারা স্বেচ্ছায় ফিরে গেলে সেই জরিমানা মওকুফ করা হবে এবং তাদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করা হবে।

তৃতীয়ত, এই অভিবাসীদের সাধারণ যাত্রীদের মতোই নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হবে এবং তাদের কোনো ধরনের শারীরিক হয়রানি, গ্রেপ্তার বা আটক করা হবে না।

চতুর্থত, যুক্তরাষ্ট্র ছাড়ার চূড়ান্ত নির্দেশ অমান্য করার কারণে কেউ যদি জরিমানার সম্মুখীন হয়ে থাকেন, স্বেচ্ছায় ফেরার ক্ষেত্রে তাদের সেই জরিমানাও সম্পূর্ণ মওকুফ করা হবে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language