মধ্যপ্রাচ্যে মানবিক সহায়তা দেবে চীন, যুদ্ধ বন্ধের আহ্বান

বেইজিং, ১৮ মার্চ – চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একইসঙ্গে উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে তেহরানের হামলারও কড়া সমালোচনা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, এই যুদ্ধ ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, চীন সরকার ইরান, জর্ডান, লেবানন এবং ইরাককে জরুরি মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বেইজিং আশা করছে, এই সহায়তা স্থানীয় জনগণের মানবিক দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রদান করেননি। তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ এবং মানবিক সংকটের আরও বিস্তার রোধ করতে চীন তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। চীন ইতোমধ্যে যুদ্ধে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়েছে এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত দেশটির বিশেষ দূত ঝাই জুনকে উত্তেজনা কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং তিনি অবিলম্বে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়েছেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওয়াশিংটনকে সহায়তা করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি কার্যত বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, এই পথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ চলাচল করে থাকে। এদিকে ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদেল গনি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে তাদের কয়েকটি তেল ট্যাংকারের যাতায়াতের ব্যবস্থা করতে ইরাক সরকার ইরানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। নির্দিষ্ট কিছু তেল ট্যাংকারের যাতায়াতের অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন, যাতে তারা পুনরায় তেল রপ্তানি শুরু করতে পারে।
এস এম/ ১৮ মার্চ ২০২৬









