দক্ষিণ এশিয়া

কাবুলে পাকিস্তানের হামলায় ৪০০ নিহত, সংযমের আহ্বান চীনের

কাবুল, ১৮ মার্চ – আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছেন। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানালেও ইসলামাবাদ ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাবুলে পাকিস্তানের কয়েক দফা হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

তালেবান সরকার সীমান্তপাড়ের হামলাকারীদের আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান দাবি করে আসছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে চীন উভয় দেশকে শান্ত ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটানোর তাগিদ দেয়। পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হলেও বেইজিং নিজেকে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবেও বিবেচনা করে। বেইজিং জানিয়েছে তাদের এক বিশেষ দূত দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে এক সপ্তাহ সময় ব্যয় করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার সাংবাদিকদের জানান উত্তেজনা কমাতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন তার নিজস্ব চ্যানেলগুলো ব্যবহার করে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language