ময়মনসিংহ

ভালুকায় ৯ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ, ১৭ মার্চ – ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ত্রিজল বেপারীর ছেলে মো. ইন্নত বেপারী, মফিজুল বেপারীর ছেলে মো. বিপ্লব বেপারী, মো. শাহপরান বেপারীর ছেলে মো. ইরাক এবং নবিজল ভান্ডারীর ছেলে মো. বিশ্বাসী।

ভালুকা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে পাড়াগাঁও গাংগাটিয়া এলাকায় মাদক বেচাকেনা চলছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই চারজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার উপপরিদর্শক আবু তাহের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language