উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে বিমান চলাচলে ব্যাপক বিপর্যয়, বাতিল সাড়ে ১২ হাজার ফ্লাইট

ওয়াশিংটন, ১৭ মার্চ – যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল ঝড়, তীব্র বাতাস এবং বজ্রপাতের কারণে বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে সাড়ে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সোমবার দেশটির পূর্ব উপকূলসহ বিভিন্ন অঞ্চলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন এবং আটলান্টার মতো গুরুত্বপূর্ণ শহরের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, লাগার্ডিয়া বিমানবন্দর, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। এসব বিমানবন্দরে অর্ধেকেরও বেশি ফ্লাইটের সূচি পরিবর্তন করতে হয়েছে। এছাড়া জর্জ বুশ আন্তঃমহাদেশীয় বিমানবন্দর এবং বাল্টিমোর আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল এবং সাড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ও ডেল্টা এয়ার লাইন্সের প্রায় ৪৫ শতাংশ ফ্লাইট বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ৩৬ শতাংশ ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানান, শীতকালীন ঝড় ও বজ্রপাতের কারণে সারা দেশজুড়েই বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে। নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসি এলাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language