জাতীয়

ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

ঢাকা, ১৬ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর। ঈদের দিন কারাবন্দিদের সকাল, দুপুর এবং রাতে এই বিশেষ খাবার দেওয়া হবে। নির্ধারিত মেন্যু অনুযায়ী ঈদের সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাই এবং মুড়ির ব্যবস্থা থাকবে। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, আলুর দম এবং রুই মাছ।

তবে ভিন্ন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস পরিবেশন করা হবে। এছাড়া পান ও সুপারির ব্যবস্থাও থাকবে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানান, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও এই বিশেষ আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার দেওয়া হবে। কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করতে এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language