বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য গালফ এয়ারের বিশেষ ফ্লাইট

ঢাকা, ১৬ মার্চ – বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে গালফ এয়ারের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
রবিবার ১৫ মার্চ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। আসন প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। মূলত আগে এলে আগে পাবেন ভিত্তিতে যাত্রীদের নির্বাচন করা হবে।
দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ ২০২৬ অথবা এর কাছাকাছি কোনো দিন নির্ধারণ করা হতে পারে। প্রতিটি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার মধ্যেই বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচ অন্তর্ভুক্ত থাকবে।
আগ্রহী নাগরিকদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে গালফ এয়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এনএন/ ১৬ মার্চ ২০২৬









