লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত, দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

বৈরুত, ১৫ মার্চ – দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় কর্তব্যরত চিকিৎসক প্যারামেডিক এবং নার্সরা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের গাজার মতো লেবাননেও চিকিৎসাকর্মী ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করার এই ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
শনিবার দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত অন্তত ২৬ জন প্যারামেডিক নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ পরিচালনার সময় অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে শুধু লেবাননেই ৭৭৩ জন নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদক হেইডি পেট জানিয়েছেন নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৈরুতসহ পুরো লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
এদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের ইয়াআরা শহরে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের কাফর কিলা এবং খিয়াম শহরেও তারা রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
হিজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেম এক ভাষণে জানিয়েছেন এটি তাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিরসনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরায়েলকে এই সুযোগ কাজে লাগিয়ে হামলা বন্ধ করার এবং হিজবুল্লাহকে তাদের কার্যক্রম স্থগিত করার আহ্বান জানান।
অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ইসরায়েলে গুচ্ছ বা ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদক ররি চ্যাল্যান্ডস জানিয়েছেন ইরান গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে এই ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
শনিবার জেরুজালেম এবং গ্যালিলি অঞ্চলে সাইরেন বেজে ওঠে ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে বেশ বেগ পাচ্ছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









