মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তোড়জোড়

ঢাকা, ১৪ মার্চ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, তবে ইনফেকশন ধরা পড়েছে। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার শনিবার মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে তার শরীরে ইনফেকশন রয়েছে। এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়া সম্ভব কি না, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক
তবে তাকে যে ধরনের বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তা দেশে অপ্রতুল হওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে তাকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









