মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ঢাকা থেকে বাতিল আরও ২৪ আন্তর্জাতিক ফ্লাইট

ঢাকা, ১৩ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও এর জের ধরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে আজও অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের এভিয়েশন খাতের ওপর।
শুক্রবার বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়ার দুটি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট। এর আগে বৃহস্পতিবার ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এ নিয়ে গত ১৫ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪৪৭টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল।
এস এম/ ১৩ মার্চ ২০২৬









