ওয়াকআউট প্রসঙ্গে বিরোধী দলের অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

ঢাকা, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রশ্ন তোলেন।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গত ৫ ও ৬ আগস্ট একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা আলোচনা করেছিলেন। তাঁর সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন। এমনকি সে সময় সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন এখন সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে সেটি তাদের কাছেই জানতে চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি হিসেবেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান গণতান্ত্রিক চর্চায় বিরোধী দল চাইলে ওয়াকআউট করতেই পারে।
এর আগে বিকেলের অধিবেশনে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। তারা নানা স্লোগান দিয়ে একপর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে তাঁর লিখিত ভাষণ পাঠ করেন। ভাষণে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একটি শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এনএন/ ১২ মার্চ ২০২৬









