ছুটির দিনেও খোলা থাকবে জ্বালানি তেলের প্রধান ডিপো: বিপিসি

ঢাকা, ১২ মার্চ – দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলার অংশ হিসেবে সরকারি ছুটির দিনেও জ্বালানি তেলের প্রধান ডিপোগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি এই নতুন নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার সংস্থাটির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা এবং ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। জনসাধারণের চাহিদা অনুযায়ী সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিতভাবে তেলের পার্সেল দেশে এসে পৌঁছাচ্ছে বলেও ওই বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে।
এস এম/ ১২ মার্চ ২০২৬









