জাতীয়

কাল বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা

সংসদ ভবন, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায়। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। এরপর সংসদ সেগুলো অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন। দায়িত্ব গ্রহণের পর নতুন স্পিকার অধিবেশন পরিচালনা করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদের এই প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানকে দেওয়া হয়েছে। আজ সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সংসদ ভবনে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, সংসদে সদস্যদের আচরণ কেমন হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন।

অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ নেতাকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জরুরি কয়েকটি সংসদীয় কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, সংসদ উপনেতা কে হবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি এবং সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না দলটি। বুধবার দুপুরে সংসদ ভবনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদীয় সভা শেষে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এবার ডেপুটি স্পিকারের পদটির জন্য বিরোধী দল জামায়াতে ইসলামীকে প্রস্তাব দিয়েছিল বিএনপি।

গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামীকে এই প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে এবং তাদেরও এটি উদারভাবে গ্রহণ করা উচিত। সংসদীয় সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে জানান, জুলাই সনদ নিয়ে আলোচনার পর এ বিষয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language