ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ১১ মার্চ – নতুন প্রজন্মের ভারী এবং একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে এই হামলা চালানো হয়। ইরানের সামরিক বাহিনী ইরাক, বাহরাইন এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে ছোঁড়া বহুমুখী প্রজেক্টাইল হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে। ইসরায়েলের আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখা গেলেও তেল আবিবের কয়েকটি স্থানে এগুলো সরাসরি আঘাত হেনেছে বলে জানা যায়।
ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, এটি ছিল তাদের ৩৭তম দফার হামলা। এই দফায় মূলত ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। টানা তিন ঘণ্টার বেশি সময় ধরে এই জোরালো অভিযান চলে। এতে কয়েক স্তরের সমন্বিত হামলায় নতুন প্রজন্মের সুপার হেভি খোররামশাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে, তেল আবিবের দক্ষিণাংশে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে তারা দ্বিতীয়বারের মতো সফলভাবে আঘাত হেনেছে।
এছাড়াও বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা তাদের হামলার শিকার হয়েছে। এই অভিযানের পরিসর কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ ছিল না। আইআরজিসির বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের মানামাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও তারা ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে। এই আকস্মিক হামলার পর ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এস এম/ ১১ মার্চ ২০২৬









