যুদ্ধবিরতির শর্ত দিল ইরান, গ্যারান্টি চাইল যুক্তরাষ্ট্রের কাছে

তেহরান, ১০ মার্চ – ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, চীন ও রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ যুদ্ধবিরতির লক্ষ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানি সংবাদমাধ্যম ইসনা নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি স্পষ্ট জানান, ইরানও যুদ্ধবিরতি চায়, তবে এক্ষেত্রে তাদের প্রধান শর্ত হলো আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না, এমন নিশ্চয়তা তাদের দিতে হবে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে হামলা চালায় ইসরায়েল। সরকারের দাবি অনুযায়ী, হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গত ১০ দিনে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অন্তত এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ও বেশ কয়েকটি তেলের ডিপো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে এসব হামলার কড়া জবাব দিচ্ছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।
এস এম/ ১০ মার্চ ২০২৬









