ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১০ মার্চ – নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের পাশে থাকার সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভাতা প্রদানের কারণে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এর সুবিধা ভোগ করবেন।
এই কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনের পরপরই তালিকায় থাকা ৩৭ হাজার ৫৬৭ জন নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে নির্ধারিত টাকা জমা হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, শুরুতে হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে মাঠ পর্যায়ে নিবিড় যাচাই বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে প্রমাণিত হয়। এর ফলে পুরো কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এস এম/ ১০ মার্চ ২০২৬









