জাতীয়

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৮৭ নেতার গণপদত্যাগ

রাঙামাটি, ১০ মার্চ – জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিনের মাথায় এবার জুরাছড়িতে দলটির উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়কসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর এ সংক্রান্ত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার এই ৮৭ সদস্যের কমিটির অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগী নেতারা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তাঁরা দলে যুক্ত হয়েছিলেন। কিন্তু একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার কারণে দলটি তার আদর্শ থেকে সরে এসেছে বলে তাঁরা মনে করছেন।

অসিম চাকমা জানান, বর্তমান পরিস্থিতিতে দলের আদর্শ লালন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই উপজেলা এবং জেলার সব সাংগঠনিক পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। কোনো রাজনৈতিক দলের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেছেন।

অন্যদিকে রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র তাঁর কাছে পৌঁছেছে।

তবে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি দাবি করেন, জোটের কারণে পদত্যাগ করলে তা আগেই হতে পারত, তাই এর পেছনে কোনো রাজনৈতিক চাপ থাকতে পারে। তবে এই গণপদত্যাগে সংগঠনের কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়বে না এবং শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language