দক্ষিণ এশিয়া

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: গ্যাস সংকটে বন্ধের ঝুঁকিতে বেঙ্গালুরুর হোটেল

বেঙ্গালুরু, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভারতের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে। গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সেখানকার হোটেল ও রেস্তোরাঁগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার শহরটির আবাসিক ভবনগুলোতে সিলিন্ডার গ্যাসের দাম ৬০ রুপি এবং বাণিজ্যিক স্থাপনাগুলোতে ১১৫ রুপি বৃদ্ধি করা হয়েছে।

বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে হোটেল ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন বলে সতর্কতা উচ্চারণ করেছে সংগঠনটি।

হোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মজুত থাকা গ্যাসের শেষ বিন্দু পর্যন্ত তারা গ্রাহকদের সেবা দিয়ে যাবেন। তবে নতুন করে সরবরাহ না পেলে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।

এর আগে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, যুদ্ধ শুরু হলেও আগামী ৭০ দিন গ্যাস সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। কিন্তু বাস্তবে সোমবার থেকেই গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরি দাবি করেছেন, দেশটিতে গ্যাসের কোনো ঘাটতি নেই। তবে মন্ত্রীর এমন দাবির বিপরীতে বেঙ্গালুরুতে এরই মধ্যে তীব্র গ্যাস সংকট দৃশ্যমান হয়ে উঠেছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language