১৫ বছর পর বরখাস্তের আদেশ বাতিল, চাকরিতে ফিরলেন ডিসি কোহিনূর

ঢাকা, ৯ মার্চ – প্রায় ১৫ বছর পর চাকরিতে ফিরলেন মো. কোহিনূর মিয়া। তার চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে তাকে পুনর্বহাল করেছে সরকার।
সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় করা আপিল পর্যালোচনার পর কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই অভিযোগে দায়ের হওয়া দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তির পর তিনি বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেছিলেন।
সরকার তার আবেদন পর্যালোচনা করে বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দিয়েছে। ফলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপনও বাতিল করা হয়েছে।
এছাড়া বরখাস্তের সময়কালকে তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এনএন/ ৯ মার্চ ২০২৬









