সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ নিহত দুই

রিয়াদ, ৯ মার্চ – সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। এর আগে সৌদি আরবের মধ্যাঞ্চলে হওয়া এই হামলায় দুইজনের মৃত্যু এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে যে তারা সৌদির আল খারজ শহরসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। মূলত এই আল খারজ শহরেই হতাহতের ঘটনাটি ঘটে।
অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালানো হয়েছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









