যুক্তরাজ্য ও মেক্সিকোসহ ৫ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ঢাকা, ৮ মার্চ – যুক্তরাজ্য ও মেক্সিকোসহ বিশ্বের মোট পাঁচটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।
রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত যথাক্রমে ড. এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী ও ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট সকল রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অবিলম্বে ঢাকার সদর দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান যে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে ওই হাইকমিশনার কমিউনিটিতে বিভেদ সৃষ্টি এবং হাইকমিশনকে দলীয়করণ করেছিলেন।
এনএন/ ৮ মার্চ ২০২৬









