জাতীয়

‘চলেন যুদ্ধে যাই’—কর্মদিবসের শুরুতে হাস্যোজ্জ্বল মুখে বললেন প্রধানমন্ত্রী

গুলশান, ৮ মার্চ – সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সকালে কর্মব্যস্ত দিন শুরু করতে গুলশানের বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে এদিন ঘর থেকে বের হওয়ার সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে একটি ব্যতিক্রমী মন্তব্য করেন। দরজার সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

মাত্র তিন শব্দের এই বাক্যটি সেখানে উপস্থিত কর্মকর্তাদের প্রথমে কিছুটা বিস্মিত করলেও, দ্রুতই তারা অনুধাবন করেন যে দেশ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ ও দেশ গঠনের সংগ্রামকে তিনি রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে গুলশানের বাসভবন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা যথারীতি প্রস্তুত ছিলেন। পরবর্তীতে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। এদিন সারা দিনই তার ব্যস্ত সূচি রয়েছে।

এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও দিনের কার্যসূচিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।

এম ম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language