জাতীয়

বদর দিবস জালিমের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রেরণা: চরমোনাই পীর

ঢাকা, ৭ মার্চ – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত বদরযুদ্ধের মাধ্যমেই জালিম শাসনব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক আইনের সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার বিজয় অর্জিত হয়।

তিনি বলেন বদরযুদ্ধে খুবই নগণ্য সেনাদল নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর রহমতে জয় পেয়েছিলেন।

এই ঐতিহাসিক ঘটনা আমাদের জালিমের বাহ্যিক শক্তিমত্তা উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায় বলে তিনি মন্তব্য করেন। শনিবার ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বদরি সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা জানান।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন শাসন পরিচালনায় এখন ন্যায় ও ইনসাফের বদলে হিংসা লোভ ও সহিংসতাই মূলনীতি হিসেবে বিবেচ্য হচ্ছে।

আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নিয়ম ও আইনের তোয়াক্কা কেউ করছে না এবং কিছু মানুষের খামখেয়ালির কারণে গোটা বিশ্বের শতকোটি মানুষ বহুমাত্রিক বিপদে নিপতিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন হাজারো মানুষের জীবন যাচ্ছে এবং নিষ্পাপ শিশুদের প্রাণ যাচ্ছে যা অত্যন্ত বেদনাদায়ক।

জুলুমতান্ত্রিক এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বদরযুদ্ধ শাশ্বত প্রেরণার উৎস বলে তিনি অভিহিত করেন। আমাদের শক্তি বা সামর্থ্য যতই কম দেখাক না কেন আমরা যদি অটল ও অবিচল থেকে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language