খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

খুলনা, ৭ মার্চ – খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন নিজখামার এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে আটক ওই নারীর নাম সুরাইয়া পারভীন সুমী। তিনি সাতক্ষীরা জেলা সদরের বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। পুলিশ জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল।
চেকপোস্টে একটি গাড়িতে থাকা ওই নারীকে সন্দেহ হলে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার হেফাজত থেকে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। কেএমপির লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান জানান এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর পেয়ে কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান তবে এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে বা কোথায় নেওয়া হচ্ছিল তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। আটক নারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এম ম/ ৭ মার্চ ২০২৬









