বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান ষষ্ঠ, শীর্ষে দিল্লির বাতাস

ঢাকা, ৭ মার্চ – বিশ্বজুড়েই বিভিন্ন শহরে বায়ুদূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে এই সমস্যার কবলে রয়েছে। গত দুদিন দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকলেও আজ ঢাকার অবস্থান কিছুটা পরিবর্তন হয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার বাতাসের মান বা একিউআই স্কোর ১৭২ রেকর্ড করা হয়েছে।
বাতাসের এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ২২৮ এবং এটি খুব অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এছাড়া ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তালিকার সপ্তম স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, অষ্টম স্থানে চীনের উহান, নবম স্থানে সেনেগালের ডাকার এবং দশম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ।
বায়ুমানের সূচক অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো এবং ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে মাঝারি হিসেবে গণ্য করা হয়। তবে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে খুব অস্বাস্থ্যকর বলা হয়। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে বিবেচিত হয় যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এস এম/ ৭ মার্চ ২০২৬








