সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ডাক

ঢাকা, ৬ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ এনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবিতে শুক্রবার সকালে আকস্মিক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফেসবুক পোস্টে দাবি করা হয়, নির্বাচনের ফলাফল প্রভাবিত করার মাধ্যমে জনগণের প্রকৃত রায় ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লিখিত দুই সাবেক উপদেষ্টাকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটির হাইকমান্ড। এর আগে বৃহস্পতিবার দুপুরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একই অভিযোগ তুলেছিলেন দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে ‘রাজসাক্ষী’ হিসেবে অভিহিত করে বলেন, তার বক্তব্যে নির্বাচন প্রভাবিত করার বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ব্যবহার করে নির্বাচনে কোনো নির্দিষ্ট দলকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তিনি।
এসএএস/ ৬ মার্চ ২০২৬









