গাজীপুর

টঙ্গী বাজারে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১৫ দোকান, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর, ৬ মার্চ – গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ৬ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টঙ্গী বাজার এলাকার মা সফুরউননেছা মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা যার যার সামর্থ্য অনুযায়ী পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালান। তবে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় তারা তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জোর তৎপরতা চালায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে মার্কেটটির প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language