আংশিক মেঘলা আকাশ, ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ৬ মার্চ – রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে।
শুক্রবার (৬ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সকাল ৭টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গতকালের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে গত রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ৬ মার্চ ২০২৬









