মধ্যপ্রাচ্যে সংঘাত: ইরানের বিশাল ড্রোনবাহী জাহাজে মার্কিন হামলার দাবি

তেহরান, ৬ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সপ্তম দিনে ইরানের একটি বিশাল ড্রোনবাহী জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের একটি ড্রোন ক্যারিয়ার লক্ষ্য করে সফল আঘাত হেনেছে এবং জাহাজটিতে বর্তমানে আগুন জ্বলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম আরও উল্লেখ করেছে, ইরানের নৌবাহিনীকে নিষ্ক্রিয় করার মিশন থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী পিছু হটবে না।
মার্কিন বাহিনী দাবি করেছে, হামলার শিকার ওই ড্রোনবাহী জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী রণতরীর মতোই বিশাল। প্রকাশিত বিবৃতিতে হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সেন্টকমের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পর আক্রান্ত ইরানি জাহাজটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
এনএন/ ৬ মার্চ ২০২৬









