রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

ঢাকা, ৫ মার্চ – বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন যে বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
তিনি আরও অভিযোগ করেন যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত গতি পরিলক্ষিত হচ্ছে না। এ সময় তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জোর দাবি জানান।
তিনি উল্লেখ করেন যে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত ইফতার মাহফিলে যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনার এবং ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ফিলিস্তিন, স্পেন ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।
অনুষ্ঠানে এনসিপি নেতাদের মধ্যে সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএন/ ৫ মার্চ ২০২৬









