মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

তেহরান, ৫ মার্চ – ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী একটি হারমেস ৯০০ ড্রোন ভূপাতিতের কথাও জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে। এর মধ্যেই ইরাক ও লেবানন সীমান্তে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ ১৫ ই স্ট্রাইক ফাইটার ভূপাতিত করা হয়েছে।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির সূত্র উল্লেখ করে জানিয়েছে দুই আসনের ওই যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কখন এ ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ ১৫ ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব এবং ভিত্তিহীন। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদের আকাশে উড়তে থাকা একটি হারমেস ৯০০ ড্রোন তারা ভূপাতিত করেছে।
একই সময়ে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে উত্তর ইরাকের এরবিল শহরে মার্কিন সেনা অবস্থান করা একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা তাসনিমের খবর অনুসারে এই হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। অপরদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের মারকাবা শহরের কাছে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর ওপর তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তারা লক্ষ্য করে মানারা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী শহরের দিকে অগ্রসর হচ্ছে। এরপর তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং সেগুলো সরাসরি আঘাত হানে বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে লেবাননের বিভিন্ন শহর ও জনপদ বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।
এস এম/ ৫ মার্চ ২০২৬









