নির্বাচনের দুদিন আগে গোপন গেজেটে ড. ইউনূসকে ভিভিআইপি মর্যাদা প্রদান

ঢাকা, ৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে এক বিশেষ গেজেটের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ভেরি ভেরি ইমপর্ট্যান্ট পারসন’ বা ভিভিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে। বিষয়টি সরকারি গেজেটভুক্ত হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনার কারণে তা বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। জানা গেছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে এই গেজেট জারি করা হয়।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ নিশ্চিত করেছেন যে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নথির ভিত্তিতে গেজেটটি মুদ্রিত হলেও নির্দেশনামতে তা ওয়েবসাইটে আপলোড করা হয়নি। মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের নিরাপত্তা বলয়ে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা, ২০২৫’ অনুসারে ড. ইউনূস তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা, অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা তল্লাশি এবং দেশ-বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১৮ মাস দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন। ভিভিআইপি হিসেবে তিনি সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তা এসকর্ট, নিরাপদ পরিবহন, বিমানবন্দরে অগ্রাধিকার এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশেষ প্রোটোকল সুবিধা ভোগ করবেন। এছাড়াও তার দায়িত্ব পালনকালে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি ২০২৯ সাল পর্যন্ত বৃদ্ধি, সরকারি শেয়ার ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা এবং বিভিন্ন গ্রামীণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স ও সরকারি চুক্তি প্রাপ্তির বিষয়গুলোও নজরে এসেছে।
এস এম/ ৫ মার্চ ২০২৬









