চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’, চালক থেকে হেলপার সবাই থাকবেন নারী

ঢাকা, ৫ মার্চ – দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে নবগঠিত সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালুর কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বিআরটিসি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এই বাস সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। সেবাটির বিশেষত্ব হলো, বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক। পাশাপাশি কন্ডাক্টর এবং হেলপার হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন। মূলত গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এস এম/ ৫ মার্চ ২০২৬









