সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

ঢাকা, ৫ মার্চ – জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের দুটি সঞ্চয়পত্র ফ্রিজ বা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
অবরুদ্ধ করা এই দুটি সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ ২০ লাখ টাকা বলে আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে। মামলার তদন্ত চলাকালীন দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।
এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর সহযোগিতায় নিজ ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তারা মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন। তদন্তে উঠে এসেছে যে, আসামিরা তাদের অপরাধলব্ধ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা সফল হলে মামলার উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই বিচার প্রক্রিয়া শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সুবিধার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা জরুরি বলে আদালত মনে করেন।
এসএএস/ ৫ মার্চ ২০২৬









