কুমিল্লা

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন ড. মোশাররফ

কুমিল্লা-১, ৫ মার্চ – কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, এসব অপরাধ দমনে সরকারের নীতি জিরো টলারেন্স এবং অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে উল্লেখ করে সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে কাজ করার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন যে জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম বরদাশত করা হবে না।

জনগণের সহযোগিতায় আগামী পাঁচ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতির স্বপ্ন পূরণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বিশ্বাস করেন, এর মাধ্যমে বাংলাদেশ একটি দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ড. মোশাররফ প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভার শুরুতে দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্য কর্মকর্তারা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম ম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language