জাতীয়

মধ্যপ্রাচ্যের সংকট: বিমানের ২৭ ক্রকে দেশে ফেরাল ইউএস-বাংলা

ঢাকা, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির জেরে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহস্পতিবার ইউএস-বাংলার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি উদ্ভূত পরিস্থিতির পর থেকে টানা পাঁচ দিন ওই ফ্লাইট ক্রুরা আমিরাতে অবস্থান করতে বাধ্য হন।

অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটানো এসব ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থাটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ক্রুদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছিল। এমন পরিস্থিতিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় স্বজনদের দুশ্চিন্তার অবসান ঘটেছে। এদিকে দুবাই এয়ারপোর্ট অথরিটির বিশেষ অনুমতি নিয়ে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতেও কাজ করছে ইউএস-বাংলা। এই কর্মসূচির আওতায় দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এর মধ্যে ৫ মার্চ একটি ফ্লাইটে ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে একটি বিমান। পরিকল্পনা অনুযায়ী অপর ফ্লাইটটি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আটকে পড়া যাত্রীদের বহনে ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ মডেলের এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language